সংসদে বাজেট তথ্য সহায়তা ডেস্ক

আপডেট : ০৫ জুন ২০১৩, ২২:৪২
বাজেট বিশ্লেষণ ও বাজেট আলোচনায় সংসদ সদস্যগণকে তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করার লক্ষ্যে সংসদ ভবনের তৃতীয় তলায় বাজেট তথ্য সহায়তা ডেস্ক খোলা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল বুধবার এ সহায়তা ডেস্ক উদ্বোধন করেন। ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, সংসদ সচিব মো. মাহফুজুর রহমান, যুগ্ম-সচিব আমির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে ৭টা পর্যন্ত এই হেল্প ডেস্ক চালু থাকবে। হেল্প ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে স্পিকার বলেন, সংসদে বাজেট পেশ করার পর বাজেট বিতর্কে অংশগ্রহণ এবং বাজেট অধিবেশনকে প্রাণবন্ত করে তোলার জন্য সংসদ সদস্যগণ যাতে বাজেট বক্তৃতায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারেন সে লক্ষ্যেই এই হেল্প ডেস্ক খোলা হয়েছে। তিনি হেল্প ডেস্কের কার্যক্রমে আরো গতিশীলতা ও কার্যকরিতা আনতে সংসদ সদস্যদের পরামর্শ কামনা করেন।