‘প্রশ্ন করুন আরো ফুল ফুটবে’

আপডেট : ০৫ জুন ২০১৩, ২২:৪২
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘আরো ফুল ফুটবে, মাননীয় সংসদ সদস্য আপনি প্রশ্ন করুন।’ গতকাল বুধবার সংসদে নির্ধারিত প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে নির্বাচিত সংসদ সদস্য মইনউদ্দীন খান বাদল। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, গত ৩ দিন ধরে আপনাকে এতো ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে যে বাগানে আর কোন ফুল নেই। এ সময় স্পিকার রসিকতা করে সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় সদস্য আপনি প্রশ্ন করুন। আরো অনেক ফুল ফুটবে। এ সময় সংসদ জুড়ে হাসির রোল পড়ে যায়। আলোচনায় উঠে আসে বর্তমান রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের নামটি। তিনি এ ধরনের হাস্যরসাত্মক ও রূপক বাক্যের মাধ্যমে সংসদ অধিবেশন কক্ষ মাতিয়ে রাখতেন।