ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন হাজী সাইফুর রহমান (রুলুর) পালিত কন্যা তাছলিমা (১৬) তার প্রেমিক পার্শ্ববর্তী রবীন্দ্রনাথ সাহার ছেলে ফোনফ্যাক্সের মালিক দীপক সাহাকে (২২) বিয়ের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এ ঘটনায় গত ৪ জুন সকাল সাড়ে ৮টায় কিশোরী গুল পান করে। তাকে আলফাডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আলফাডাঙ্গা থানার এসআই অলিদুজ্জামান লাশের সুরতহাল শেষে কিশোরীর লাশ ময়না তদন্ত ছাড়াই তার বাবা মায়ের হাতে তুলে দেন। পরে লাশের গোসল শেষে সন্ধ্যায় কবরে নামানোর আগে থানা থেকে অনিবার্য কারণে লাশ রাত সাড়ে ৮টায় ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। জানা যায়, তাছলিমা দীর্ঘদিন ফোনফ্যাক্স মালিক দীপক সাহার সাথে প্রেম করে আসছিল। এক পর্যায়ে তাছলিমা প্রেমিক দীপককে বিবাহের প্রস্তাব দেয়। তবে এলাকার সমাজপতিরা দীপককে রক্ষা করতে প্রশাসনকে ম্যানেজ করে কিশোরীর লাশ তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী এ প্রতিবেদককে জানায়। ঘটনাটি জানাজানি হলে প্রশাসনের টনক নড়ে এবং অবশেষে লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার ফরিদপুর মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিক দীপক সাহা পলাতক রয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া জানান ঘটনা তদন্ত ছাড়া তেমন কিছু বলা যাবে না।
