দিনগুলো মনে হয় রংচটা প্রাচীণ প্রাসাদ
চুনকাম ঘষামাজা নেই বলে
গজিয়েছে শ্যাওলা
দু-চারটি গাছ উঠে গেছে তরতর করে
জীর্ণ হতে হতে যদি ভেঙে পড়ে এই বাসনায়
ফিরে গেছে টিকটিকি
মাকড়শা গুটিয়েছে দেহ, উড়িয়েছে জাল
সবাই গিয়েছে চলে এই ভাবনায়
ইট-সুরকি, পোড়ামাটি খেয়ে লাল হলো সূর্য
দিনগুলো বইতে বইতে সেও কুঁজো হবে জানি
সময় কী এত ভারী
হুড়মুড় শব্দ তুলে প্রশ্ন করে প্রেতাত্মাযুগল।
