শেয়ারবাজারে মূল্য সংশোধন

আপডেট : ০৬ জুন ২০১৩, ১৯:৫৬
বাজেটীয় প্রত্যাশায় গত ৮দিন ধরে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল বৃহস্পতিবার বাজারে কিছুটা সংশোধন হয়েছে। মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই বাজারে সূচক কিছুটা কমেছে। কমেছে লেনদেনও। এবারের বাজেটে শেয়ারবাজারের জন্য প্রণোদনামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে এমন প্রত্যাশার কারণেই সূচক বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাজারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আস্থার অভাব। সরকারের পক্ষ থেকে শেয়ারবাজারের দিকে ইতিবাচক পদক্ষেপ নেয়ায় আস্থার অভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এরই প্রভাব পড়েছে সূচক ও লেনদেনের উপর। এ অবস্থায় বাজার উন্নয়নে সরকারের পদক্ষেপ অব্যাহত রাখার পাশাপাশি নতুন করে যেন কেউ কারসাজি করতে না পারে সেদিকেও নজর রাখতে হবে বলে তারা মনে করেন। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ২৮ পয়েন্টে রয়েছে। সাধারণ মূল্যসূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০০ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩১ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার টাকা। যা গতকালের তুলনায় চেয়ে ২৯ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল, তিতাস গ্যাস, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল এবং প্রিমিয়ার সিমেন্ট।