তুরস্কে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করার দাবি

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:৩৪
তুরস্কের রাজধানী আঙ্কারাসহ অন্যান্য শহরের বিক্ষোভ দমনে সহিংস পুলিশী অভিযান চালানোর জন্য ইস্তান্বুলে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বরখাস্তের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। শান্তিপূর্ণ বিক্ষোভ দমনাভিযানের জন্য তুর্কি উপ-প্রধানমন্ত্রী বুলেন্ত এরিক যে ক্ষমা চেয়েছেন তাও বিক্ষোভকারীরা প্রত্যাখ্যান করেছে। তাকসিম সলিডারিটি প্ল্যাটফর্ম (টিএসপি) পরিচয়ে একটি গ্রুপ বলেছে, তারা তাদের দাবি-দাওয়ার একটি তালিকা উপ-প্রধানমন্ত্রীকে দিয়েছে। ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার সংলগ্ন অটোমান আমলের একটি সামরিক ছাউনি, যা পার্ক হিসেবে ব্যবহূত হয়ে আসছে, তা ভেঙে বিপণী বিতান করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পুলিশ চড়াও হওয়ার পর তা সহিংস রূপ নেয়। টানা ৫ দিনের বিক্ষোভ-সহিংসতায় মঙ্গলবার রতভর ইস্তান্বুলে টিয়ারগ্যাস, জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। বুধবার তাকসিম সলিডারিটি প্ল্যাটফরর্মে দেয়া দাবিদাওয়ার মধ্যে রয়েছে, টিয়ারগ্যাস ব্যবহার বন্ধ করা, আটক বিক্ষোভকারীদের মুক্তি দেয়া এবং গেইজি পার্কের পুনরুন্নয়ন পরিকল্পনা বাদ দেয়া। সরকার কি পদক্ষেপ নেয় তার ওপরই পরবর্তী পরিস্থিতি মোড় নেবে বলে বুধবার বুলেন্ত এরিকের সঙ্গে বৈঠকের পর জানিয়েছে টিএসপি।