আফগানিস্তানে গণহত্যার দায় স্বীকার করেছে সেই মার্কিন সেনা

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:৩৬
গত বছর মার্চে ১৬ জন আফগান নাগরিককে নির্বিচারে গুলি করে মারার কথা স্বীকার করেছে রবার্ট বেলস (৩৯) নামের সেই মার্কিন সেনা। দায় স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহার প্রদেশের পাঞ্জাবী জেলায় ১১ মার্চ রাতে তিনি গুলি করে ঐসব সাধারণ নাগরিকদের হত্যা করেন। নিহতদের মধ্যে ৯ জন শিশু ছিল। হত্যা করার কারণ সম্পর্কে বিচারক জানতে চাইলে তিনি দায় স্বীকার করে বলেন, আমি কেন তাদের হত্যা করেছি তার কোন কারণ আমি নিজেও জানি না। হাজারবার আমি নিজেকে প্রশ্ন করেছি কিন্তু কোন উত্তর খুঁজে পাইনি। হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে বলেন, আফগানিস্তানের একটি প্রত্যন্ত ঘাঁটিতে দায়িত্ব পালনকালে এক রাতে ঘাঁটি থেকে বের হয়ে পার্শ্ববর্তী গ্রামে চলে যাই। এরপর কোন কারণ ছাড়াই তাদের গুলি করি। এর আগে নভেম্বরে প্রাক বিচার শুনানিতে বেলসের পরিবার দাবি করে, দোষী প্রমাণিত হওয়ার আগে তাকে সাহসী এবং সম্মানিত সেনা হিসাবে বিবেচনা করা উচিত। তার আইনজীবী তখন দাবি করেন, মানসিক চাপের সাথে মাদকের প্রভাবে তিনি এমন কাজ করে থাকতে পারেন।