গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সিলেটগামী ৭১৯ পাহাড়িকা এক্সপ্রেস কসবা রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হলে হাজার হাজার যাত্রী সীমাহীন দুর্ভোগে পড়েছে। ঢাকা- চট্টগ্রাম, চট্টগ্রাম সিলেট ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথ বন্ধ হয়ে যাওয়ায় অন্যান্য স্টেশনে দুটি আন্তঃনগর ট্রেনসহ একাধিক লোকাল ট্রেনের যাত্রী আটকা পড়েছে। কসবা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল জব্বার জানান, গতকাল বেলা ১২:৩০ মিনিটে পাহাড়িকা ৭১৯ ট্রেনটি কসবা স্টেশনের ২ নম্বর লাইনে ঢোকার পথে ৭টি বগি লাইনচ্যুত হয়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কসবা রেলস্টেশনের ২ নম্বর লাইনের কাঠের স্লিপারগুলো দুমড়ে-মুচড়ে একাকার হয়ে গেছে। চলতি মাসেই এ লাইনে শুধু কসবা এলাকায় ৩টি দুর্ঘটনা সংঘটিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আখাউড়া ও লাকসাম জংশন থেকে উদ্ধারকারি ২টি ট্রেন ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে জানা যায়।
