সোমেশ্বরীর ভাঙ্গনে বিলীন শিবগঞ্জ-বিজয়পুর সড়ক

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:৫৫
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সদরের প্রমত্তা সোমেশ্বরী নদীর ভাঙ্গনের কবলে পড়েছে শিবগঞ্জ বিজয়পুর সড়কটি। সড়কের পাকা অংশের বড় একটি এলাকা ইতিমধ্যে সোমেশ্বরীর গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এই এলাকার লোকজন এখন বিকল্প পথে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। বিজয়পুর সাদা মাটির জন্য বিখ্যাত। গত ৭/৮ বছর যাবত্ সড়কটির বিভিন্ন স্থানে নদীর প্রবল স্রোতে ভাংতে থাকে। পানি উন্নয়ন বোর্ড তিন বছর পূর্বে নদীর ভাঙ্গন থেকে সড়কটি রক্ষার জন্য প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করলেও পরের বছরই তা ধসে পড়ে। প্রতিরক্ষা দেয়াল সঠিকভাবে না করায় তা ধসে পড়ে বলে এলাকার লোকজন অভিযোগ করেন। উল্লেখ্য, বর্তমানে বর্ষায় প্রবল স্রোতে নদীর দু’দিকেই ভাংছে। দুর্গাপুর পৌর এলাকার বিরাট অংশ নদীগর্ভে বিলীন হবার পর স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহী দুর্গাপুর এলাকাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের নিকট দাবি জানালেও অদ্যাবধি কোন কাজ হয়নি। বর্তমানে যেভাবে শিবগঞ্জ-বিজয়পুর সড়কটি ভাংছে, তাতে আগামী দুই বছরের মধ্যে এই সড়কের কোন চিহ্নই থাকবে না বলে এলাকাবাসি জানান। তখন সড়ক পথে সকল প্রকার যাতায়াত বন্ধ হয়ে যাবে বলে আশংকা প্রকাশ করা হয়েছে।