নোয়াখালী জেলার ১ পৌরসভা ও ৯ ইউনিয়ন নিয়ে ঘটিত চাটখিল সন্ত্রাসে জনপদে পরিণত হয়েছে। এখানে গত ৪ মাসে ৫টি খুনের ঘটনা সংঘটিত হয়েছে। সমপ্রতি ১৫/১৬টি দুর্ধর্ষ ডাকাতি ও কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। এতে আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে এবং জনমনে চরম আতংক দেখা দিয়েছে। এখানে সংঘটিত ডাকাতিসমূহের অভিযোগ থানায় হলেও থানা পুলিশ এগুলো রেকর্ড না করার কথিত অভিযোগ রয়েছে। গত ২০ মে গভীর রাতে পূর্ব বদলকোট গ্রামের সৈয়দ মিয়ার পোলের নিকট মাইক্রোবাস চালক খোকন (৩৫) কে জবাই করে, ১৫ মে রাতে পূর্ব পরকোট গ্রামের তোরাব আলী মিজি বাড়ির গৃহকর্তী ফিরোজা বেগম (৫৫) কে ডাকাতরা কুপিয়ে, ৫ মার্চ মনোহরপুর গ্রামের ইমান হোসেন (৬২) কে রাতের আঁধারে নিজ বসতঘরে, ১৫ ফেব্রুয়ারি ঘাটলাবাগ গ্রামের সৌদি প্রবাসী নুর আলমের কন্যা নার্গিস আক্তার (২৫) কে পিটিয়ে এবং ১৩ ফেব্রুয়ারি বানসা গ্রামের ব্যবসায়ী ডাক্তার নুর হোসেন মিলন (৪৫) কে গুলি করে হত্যা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) মোস্তফা কামাল সংঘটিত ঘটনাসমূহকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যায়িত করে আইন শৃংখলার কোন অবনতি হয়নি বলে দাবি করেন।
