জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ডাকা বৃহস্পতিবার ময়মনসিংহ জেলায় অর্ধদিবস হরতালের আগের রাতে নাশকতার আশঙ্কায় ভালুকা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ৯ নেতা-কর্মীকে আটক করেছে ভালুকা মডেল থানার পুলিশ। আটককৃতরা হলেন- সাবেক পৌর কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান (৪০), খলিলুর রহমান (২৫), আইয়ূব আলী (২০), আজাহারুল ইসলাম (২০), বিপ্লব (১৮), সোহেল রানা (২০), তরিকুল ইসলাম (২০), আফজাল হোসেন (১৯) ও হীরা মিয়া (২৫)। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আবায়ক রুহুল আমিন রহুলের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। ওই সময় পিকেটাররা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোর সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এছাড়া হরতাল চলাকালে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
