বানারীপাড়ায় সুজন মোল্লার পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ সাভারের রানা প্লাজা ধসে নিহত গার্মেন্টস কর্মী বানারীপাড়ার শিয়ালকাঠি গ্রামের সুজন মোল্লার পরিবারকে দুই লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে নিহত সুজন মোল্লার বাবা হাবিবুর রহমানের হাতে দুই লাখ টাকা তুলে দেন।
বান্দরবানে ২টি ব্যাটেলিয়ন ও ৩৬টি বিওপি হবে
বান্দরবান প্রতিনিধি\ মতবিনিময় সভায় বান্দরবান বর্ডার গার্ড বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আহসান ফরিদ বলেছেন, অরক্ষিত সীমান্তাঞ্চল সুরক্ষায় বান্দরবানে নতুন আরো ২টি ব্যাটেলিয়ন এবং ৩৬টি বিওপি (সীমান্ত নিরাপত্তা চৌকি) স্থাপন করা হবে। বুধবার বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবসৃজিত বান্দরবান সেক্টর কমান্ডার এসব কথা বলেছেন। এসময় অন্যান্যদের মধ্যে বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার লে: কর্নেল আকতারুজ্জামান, বান্দরবান সেক্টরের জিএসটু মেজর মুসতাক, মেজর খালেকুজ্জামান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো: ওসমান গনি বক্তব্য রাখেন।
আদমদীঘিতে শ্ল¬ীলতাহানির ঘটনায় মামলা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা\ আদমদীঘির হাউসপুর গ্রামে বখাটে তরুণরা নিজেদের মধ্যে বাজি ধরে প্রকাশ্যে দিনেরবেলা এক হিন্দু গৃহবধূকে বিবস্ত্র করে শ¬ীলতাহানীর চেষ্টার ঘটনায় অবশেষে মঙ্গলবার রাতে ৩ জনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ভিকটিম বাদি হয়ে হাউসপুর গ্রামের হানিফ উদ্দিনের পুত্র রুবেল, আবির উদ্দিনের পুত্র রাহিদ ও মোহাম্মাদ আলীর পুত্র মজিবর রহমানকে আসামি করে এই মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ সওজে ঠিকাদারদের অবস্থান কর্মসূচি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ বকেয়া বিলের দাবিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে ঠিকাদাররা। বুধবার অফিস চলাকালীন সময় সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিকাদাররা এ অবস্থান কর্মসূচি পালন করে। এসময় কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে অফিসে প্রবেশ করেননি। অফিস ছিল ফাঁকা।
গঙ্গাচড়ায় অনুমোদনহীন বীজ ধান আটক
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা\ বুধবার গঙ্গাচড়ায় সরকারি অনুমোদনহীন ও ভারতীয় ১০ মণ আমন বীজ ধান জব্দ করেছে মোবাইল কোর্ট। সেই সাথে উক্ত ডিলারের পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। জানা যায়, জেলা ম্যাজিষ্ট্রেট ও কৃষি মন্ত্রণালয়ের অধীন বীজ প্রত্যয়ন এজেন্সীর ফিল্ড অফিসার ড. মোস্তাফিজার রহমান-এর নেতৃত্বে মোবাইল কোর্ট বুধবার গঙ্গাচড়া বাজারস্থ বিএডিসি অনুমোদিত বীজ ডিলার ইসমাইল ট্রেডার্স থেকে ৬ মণ বীজ ধান ও ভারতীয় ১৭৫ কেজি বীজ ধান আটক এরং দোকানের মালিক আলমগীর হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করেছে।
কেরানীগঞ্জে রাস্তার দাবিতে বিক্ষোভ
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা\ ঢাকার কেরানীগঞ্জে নুরানীগঞ্জ এলাকায় বুধবার রাস্তার দাবিতে শত শত লোকজন বিক্ষোভ মিছিল করেছে। নুরানীগঞ্জ এলাকার বাসিন্দা মো. বাবুল মিয়া জানান, নুরানীগঞ্জ এলাকায় প্রায় ৩ হাজার লোকের বসবাস। খোলামোড়া মেইন সড়কে আসা-যাওয়ার জন্য কোন রাস্তা নেই। মিছিল শেষে মনির হোসেন মেম্বার জানান, সন্ত্রাসীদের অত্যাচারে নুরানীগঞ্জ এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। সন্ত্রাসীদের কারণে রাস্তাটির কাজ বন্ধ।
বিশ্বনাথে ইউএনও এবং প্রকৌশলীসহ ৮ জনকে শোকজ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা\ সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’সহ আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) গৌতম ঘোষ তাদেরকে পৃথক দুটি স্মারকের মাধ্যমে শোকজ করেন। শোকজের নোটিস পাওয়ার সত্যতা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা। নোটিসপ্রাপ্তির ২ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে হবে বলে জানান।
সাতক্ষীরায় ১৫১ কৃতী শিক্ষার্থীর সম্মাননা
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা, জুনিয়র বৃত্তি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষার ১৫১ জন কৃতী ছাত্রকে সম্মাননা দেয়া হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে উক্ত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র চেয়ারম্যান প্রফেসর মো. আমিরুল আলম খান।
পরিবেশ বিপর্যয়ের কবলে কমলগঞ্জ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ চা বাগান ও বনাঞ্চল পরিবেষ্টিত কমলগঞ্জে প্রতিনিয়ত সবুজ বনাঞ্চল ধ্বংস, নদী ও ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, টিলা কাটা, কৃষি জমি ভরাট, ইটভাটা, চাষাবাদে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, মাগুরছড়ায় গ্যাস বিস্ফোরণের প্রভাব, লাউয়াছড়ায় শেভরনের ত্রি-মাত্রিক ভূত্তাত্ত্বিক জরিপ, পাহাড় ধস, ভূমি ফাটলসহ সংরক্ষিত বনের গাছ কেটে উজাড় করার ফলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সন্মুখীন হচ্ছে কমলগঞ্জসহ এর আশপাশ এলাকা।
বগুড়ায় ঝুঁকিতে ক্লাস করে ৩৫ হাজার শিক্ষার্থী
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ১১টি উপজেলায় দেড় শতাধিক ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনে ৩৫ হাজার কোমলমতি শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন যাবত্ ক্লাস করছে । জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে , আদমদীঘি উপজেলায় ১৪টি , গাবতলী উপজেলায় ২০টি , ধুনট উপজেলায় ২১টি , নন্দীগ্রাম উপজেলায় ২টি, বগুড়া সদর উপজেলায় ১৩টি , শিবগঞ্জ উপজেলায় ৯টি, সোনাতলা উজেলায় ৬টি, শেরপুর উপজেলায় ৮টি, সারিয়াকান্দি উপজেলায় ৩৮টি ও শাহজাহানপুর উপজেলায় ২৪টি জরাজীর্ণ বিদ্যালয় ভবন রয়েছে ।
গাইবান্ধায় ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি \ উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দসহ বিভিন্ন দাবিতে গত বুধবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
কক্সবাজারের পর্যটন শিল্প রক্ষায় ১১ দফা দাবি
কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজারের পর্যটন শিল্প এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পেশার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৩০ হাজার মানুষের মধ্যে ইতিমধ্যে ১০ হাজারের বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। দিন দিন পর্যটন শিল্পের অবস্থা শোচনীয় হয়ে উঠছে। কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ পড়েছে ঝুঁকির মুখে। কক্সবাজার সি-বিচ হোটেল-মোটেল মালিক সমিতি বুধবার এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের পর্যটন শিল্প রক্ষায় ১১ দফা দাবি পেশ করেছে।
তাহিরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতের শিকার ২ জন মারা গেছে। আহত হয়েছে আরো ১জন। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিআতা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মারা যাওয়া দুই জন হল, মন্দিআতা গ্রামের মন্নর মিয়ার মেয়ে রিপা আক্তার (১৫), একই গ্রামের আব্দুল হান্নানের মেয়ে আলকুমা বেগম (৩৩)। বজ্রপাতে একই গ্রামের তোফাজ্জল হোসেন (১৩) আহত হয়। তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হচ্ছে।
আদিতমারীতে আশার উঠান বৈঠক
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ মশা-মাছিবাহিত রোগ ও প্রতিরোধ বিষয়ক এক উঠান বৈঠক গতকাল বৃহস্পতিবার উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী দিশারী মহিলা দলে অনুষ্ঠিত হয়। এনজিও আশার আয়োজনে এ উঠান বৈঠকের উদ্বোধন করেন জেলা ম্যানেজার মোঃ ইউনুছ আলী। উপজেলার ৭টি ব্র্যাঞ্চে ৫৬০টি দলে একযোগে মশা-মাছিবাহিত রোগ ও প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চাঁদার দাবিতে গাংনীর আমবাগানে বোমা হামলা
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের গাংনীর চিত্লা গ্রামের মাঠে একটি আমবাগানে একদল চাঁদাবাজ চাঁদার দাবিতে বোমা হামলা চালিয়েছে। বুধবার রাত ১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার চিত্লা গ্রামের মৃতঃ আরমান আলীর ছেলে আক্তার হোসেনের আমবাগানে একদল দুষ্কৃতকারী ২টি বোমা হামলা করেছে। এসময় চাঁদাবাজরা ঐ বাগানের পাহারাদার একই গ্রামের সাপার ছেলে মশুর কাছ থেকে একটি মোবাইল ছিনিয়ে নেয়।
মদন উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ বৃহস্পতিবার মদন উপজেলা পরিষদের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও মোহাম্মদ সফিউল আলমের সঞ্চালনায় ৭ কোটি ১৬ লাখ ৪১ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা করেন। উপজেলা চেয়ারম্যান বীর গোলাম আহম্মদের সভাপতিত্বে বাজেট ঘোষণা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী হায়দার আলী মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল হক বাঙ্গালী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফকর উদ্দিন আল রাজি, ইউপি চেয়ারম্যান দেওয়ান মসরুর ইয়ার চৌধুরী প্রমুখ।
