গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার মেয়র, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীরা উত্সব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। শেষ দিন পর্যন্ত মোট ৬৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মেয়র পদে একজন মহিলাসহ মোট ৯ জন প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১৯টি কাউন্সিলর পদে ১৩০ জন ও ৫৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৯৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শেষদিনে মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- ১৪ দল সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লা খান, বিএনপি সমর্থিত দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান, সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সম্মিলিত ইসলামী ফোরামের নেতা মো. ফজলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমান উল্লাহ ও রীনা সুলতানা। এর আগে বুধবার মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, সচেতন নাগরিক পরিষদের নেতা ডা. নাজিম উদ্দিন আহমেদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহ্বায়ক মেজবাহ উদ্দিন সরকার রুবেল।
গত ২২ মে ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হবে ৯ ও ১০ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ জুন। পরদিন ১৮ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
