শুরু হয়ে গেছে পোস্টার ব্যানার ছেঁড়াছিড়ি

আপডেট : ০৬ জুন ২০১৩, ২১:৩৬
রাসিক নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের দুই মেয়র প্রার্থীর পক্ষে পরস্পরের বিরুদ্ধে ডিসপ্লে বোর্ড, পোস্টার, ডিজিটাল ব্যানার, ফেস্টুন, ছিঁড়ে ও পুড়িয়ে দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়ে। জানা গেছে, গত বুধবার মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী এ বিষয়ে নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রথমে লিখিত অভিযোগ করেন এবং ছবিসহ প্রমাণপত্র জমা দেন। এরপর গতকাল বৃহস্পতিবার মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু রিটার্নিং অফিসারের কাছে অনুরূপ অভিযোগ করেন এবং ছবিসহ প্রমাণপত্র জমা দেন। উভয়পক্ষ সাংবাদিকদের কাছেও পাল্টা-পাল্টি অভিযোগ তুলে ধরেন। তবে এ বিষয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় গৃহীত ব্যবস্থা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। গ্যাস সংযোগ চলতেই থাকবে:লিটন এদিকে নাগরিক কমিটি মনোনীত ও মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর সদর দলিল লেখক সমিতির সদস্যদের সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়ে দিনের গণসংযোগ শুরু করেন। এরপর তিনি সদর সাব-রেজিস্ট্রি অফিস, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ভূমিভবন ও অ্যাডভোকেট বারভবনে গণসংযোগ করেন। এসময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, আইনজীবীদের সহকারী ও দলিল লেখকগণ তাকে স্বাগত জানান। এ সময় মেয়র প্রার্থী লিটন বলেন, ‘ইনশ্াল্লাহ শুক্রবার থেকে রাজশাহীর গৃহস্থালিতে (বাসা-বাড়ি) যে গ্যাস সংযোগের সূচনা হবে তা নগরবাসী ধারাবাহিকভাবে পেতে থাকবেন। এটি রাজশাহীবাসীর জন্য একটি ঐতিহাসিক ঘটনাও বটে। যারা প্রথম দিন শুক্রবার গ্যাস সংযোগ পাচ্ছেন তারা কেউ নগরীর ভিআইপি নন, তারা নগরীর বিশিষ্টজন। অথচ প্রতিপক্ষ ভোটের প্রচারণা চালাতে গিয়ে ওই বিশিষ্টজনদের আপমান করে কথা বলছেন, এটা খুবই দুঃখজনক। রাজশাহী এখন আধুনিক ও সমৃদ্ধির দিকে অগ্রসরমান, এখানে পশ্চাত্পদতার কোন স্থান নেই। যারা রাজশাহীকে পেছনে নিতে চায়, তাদের প্রত্যাখ্যান করে ১৫ জুনের নির্বাচনে তালা মার্কায় ভোট দেবেন।’ এ সময় লিটনের সাথে ছিলেন পিপি ইব্রাহিম হোসেন, জিপি রবিউল হক কাকর, সাবেক এমপি তাজুল ইসলাম মোঃ ফারুক, ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক লিয়াকত আলী লিকু, জাসদ নগর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ, বাগমারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুস প্রমুখ। সন্ত্রাস, দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত নগর গড়বো: বুলবুল অন্যদিকে সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত ও ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর ২ নং ওয়ার্ডের সাঁওতাল পাড়া, কালীপাড়া, লক্ষ্মীপুর, ভাটাপাড়া, পার্কের গেট এলাকায় গণসংযোগ করেন। বিকাল ২টা থেকে তিনি রেলভবন, সিপাইপাড়া, শেখপাড়ায় গণসংযোগ করেন। এ সময় বুলবুল সন্ত্রাস, দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত, নিরাপদ নগর গড়তে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক এমপি আসাদুল হাবিব দুলু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়ালীউল হক রানা প্রমুখ।