জিরাফ শাবক খেলাধুলায় আনন্দে

আপডেট : ০৬ জুন ২০১৩, ২১:৫১
চিড়িয়াখানায় জন্ম নেয়া জিরাফ শাবকটির দ্বিতীয় দিন কেটেছে খেলাধুলা ও আনন্দে। তবে জনমানুষের উপস্থিতির কারণে মাঝে মাঝে ছিল ভীতসন্ত্রস্ত। এ কারণে মায়ের কাছেও কম সময় থেকেছে। বেশ কয়েকবার মায়ের দুধ পান করেছে সে। ২০০৯ সালে আফ্রিকা থেকে ঢাকা চিড়িয়াখানায় আনা জিরাফ ক্লিওপেট্রা গত বুধবার বিকালে ফুটফুটে একটি শাবক প্রসব করে। জিরাফ ভয় পেতে পারে এ কারণে এ সময় কেউ কাছাকাছি থাকেননি। তবে আড়ালে থেকে ভূমিষ্ঠ হবার দৃশ্য ভিডিও ধারণ করা হয়েছে। জিরাফের ঘরে নতুন অতিথি এসেছে এ খবরে চিড়িয়াখানা জুড়ে উত্সবের আমেজ। গতকাল সরেজমিনে দেখা গেছে উত্সুক দর্শকদের ভিড়। চিড়িয়াখানার সংশ্লিষ্ট শাখার প্রধান জানিয়েছেন, অন্যান্য প্রাণীর চেয়ে জিরাফের স্বভাব-আচার-আচরণ ভিন্ন। এ কারণে শাবক জিরাফটি জনমানুষ থেকে দূরে রাখতে হচ্ছে। মানুষ যাতে কাছাকাছি না যেতে পারে সে ব্যবস্থাও নেয়া হয়েছে। রশি দিয়ে খাঁচার পাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। তবে দূর থেকে নবজাতক জিরাফ দেখার সৌভাগ্য হয়েছে দর্শকদের।