ত্রিশ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

আপডেট : ০৬ জুন ২০১৩, ২২:৩৬
বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০১২-২০১৪ মেয়াদের জন্য ৩০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা সংবলিত একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ওয়ানইয়ং লী ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে স্বাক্ষর করেন। এ সময় সচিব আবুল কালাম আজাদ জানান, এই ফ্রেমওয়ার্কের আওতায় চলতি বছরেই ৩ কোটি ৭৫ লাখ ডলার ও ৭ কোটি ৭০ লাখ ডলারের মোট দুটি চুক্তি করা হবে। প্রথম প্রকল্পের আওতায় বাংলাদেশের উপকূলভাগে সামুদ্রিক যান চলাচল ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। এর ফলে উপকূলভাগে চলাচলকারী সামুদ্রিক যানসমূহের নিরাপত্তা বিধান নিশ্চিত করা হবে। অন্য প্রকল্পের আওতায় বাংলাদেশে দ্রুতগতিসম্পন্ন চতুর্থ প্রজন্মের (৪জি নেটওয়ার্ক) এবং অত্যাধুনিক লং টার্ম ইভালুয়েশন (এলটিই) টেলিযোগাযোগ ব্যবস্থার প্রবর্তন হবে। এর ফলে দেশে টেলিযোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।