রিকন্ডিশন্ড (পুরনো) গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান এক ধাপের অবচয় প্রথার স্থলে বছর ভিত্তিক করার প্রস্তাব করা হয়েছে। ফলে পুরনো গাড়ির দাম কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশে ৫ বছর পর্যন্ত পুরনো গাড়ি আমদানি করা যায়। এসব গাড়ির ক্ষেত্রে ২৫ শতাংশ (যে কোন বছরের ক্ষেত্রে) অবচয় এবং ডিলার্স কমিশন ১০ শতাংশসহ ৩৫ শতাংশ অবচয় সুবিধা দেয়া হয়। এটি ন্যায় ভিত্তিক ছিল না বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী নিজেও। নতুন করহার অনুযায়ী, এক বছরের কম সময়ের জন্য রিকন্ডিশন্ড গাড়ির অবচয়ের সুযোগ না রেখে এক বছরের ঊর্ধ্বে কিন্তু দুই বছরের কম সময়ের জন্য ৩০ শতাংশ, তিন বছরের কম সময়ের পুরাতন গাড়ির ৩৫ শতাংশ, চার বছরের কম সময়ের জন্য ৪০ শতাংশ ও পাঁচ বছর পর্যন্ত ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে আমদানিকারকদের জন্য ডিলার্স কমিশন থাকবে না এবং পুরনো গাড়ির যে ভিত্তিমূল্যের উপর অবচয় দেয়া হবে তা কোনভাবেই সমমানের নতুন গাড়ির দামের অধিক হতে পারবে না বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
