সংবাদপত্রের নিউজপ্রিন্টের শুল্ক সুবিধা প্রত্যাহার

আপডেট : ০৬ জুন ২০১৩, ২২:৪৪
প্রস্তাবিত বাজেটে সংবাদপত্র শিল্পে ব্যবহূত নিউজপ্রিন্টের শুল্কসুবিধা প্রত্যাহার করা হয়েছে। এর আগে সংবাদপত্র শিল্পের জন্য নিউজপ্রিন্ট আমদানিতে শুল্কহার ছিলো ৩ শতাংশ আমদানি শুল্কসহ মোট ২৩ দশমিক ৪৫ শতাংশ। আর বাণিজ্যিকভাবে আমদানি করা নিউজপ্রিন্টের শুল্কহার ছিলো ২৫ শতাংশ আমদানি শুল্কসহ ৬১ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত বাজেটে দুই ক্ষেত্রেই আমদানি করা নিউজপ্রিন্টের শুল্ক এক করার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, নিউজপ্রিন্টের চাহিদা বছরে এক লাখ ২০ হাজার টন। এর বিপরীতে দেশের ৬৭টি কাগজ উত্পাদনকারী কারখানার উত্পাদন ক্ষমতা প্রায় তিন লাখ মেট্রিক টন। সংবাদপত্র শিল্প বছরে প্রায় ৫০ হাজার মেট্রিক টন নিউজপ্রিন্ট রেয়াতি সুবিধায় আমদানি করে থাকে। আমদানি শুল্ক ক্ষেত্রে অসংগতির কারণে দেশীয় কাগজ শিল্প আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে। এটি বিবেচনায় নিয়ে এবার বাজেটে সংবাদপত্র এবং প্রকাশনা শিল্পের নিউজপ্রিন্ট আমদানির রেয়াতি সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে কাগজের কাঁচামাল সহজলভ্য করতে বাঁশ আমদানির উপর শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। উল্লেখ্য, বর্তমানে বাঁশ আমদানিতে ১২ শতাংশ শুল্ক দিতে হয়।