ফেনীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের অগ্রগতি বিষয়ে এক কর্মশালা বুধবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে বলা হয়, ২০০৫ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে শহরে ৫০% এবং গ্রামে ৬২% নারী তাদের জীবদ্দশায় শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়।
গর্ভাবস্থায় যত নারীর মৃত্যু হয় তার ১৪% স্বামীর নির্যাতনে এবং অত্যাচারিত হয়ে মৃত্যু বরণ করে। প্রতি তিনজন নারীর মধ্যে একজন নির্যাতিত হচ্ছেন। ১৭.৬ শতাংশ ভুক্তভোগী ন্যায় বিচার চান ও তার জন্য ব্যবস্থা নেন, ৩০% ন্যায় বিচার না চেয়ে এটাকে তাদের পারিবারিক ব্যাপার মনে করেন। বর্তমানে ইউএনডিপি ও ব্র্যাকের উন্নয়ন সহযোগিতা ও প্রচারণা, সরকারের নানা আইন ও উদ্যোগের ফলে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। নারীরা তাদের ওপর নির্যাতনের বিষয়ে অনেকাংশে প্রতিবাদী ও প্রতিরোধে এগিয়ে আসছে।
ইউএনডিপি ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিউল আরিফ। ব্র্যাক কর্মকর্তা অরুন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির প্রোগ্রাম এনালিস্ট মাজেদা হক। বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা আলী করিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সদস্য, ব্র্যাক কর্মকর্তা, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে ফেনীতে গণমাধ্যম কর্মীদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ব্র্যাকের আয়োজনে গণমাধ্যম কর্মীদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি’র প্রোগ্রাম এনালিস্ট মাজেদা হক। এসময় নারী নির্যাতন এর সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের করণীয় দিকগুলো তুলে ধরে আলোচনা করেন ইউএনডিপি’র কনসালটেন্ট মির্জা নাজমুল হুদা, আসিফা রহমান ও ব্র্যাকের কর্মসূচি সমন্বয়কারী রীতা রোজলীন কস্তা।
সভায় নারীর প্রতি সহিংসতা বিষয়ে সাংবাদিকদের খসড়া নীতিমালা প্রণয়নে সভায় উপস্থিত দশ সাংবাদিক তাদের মতামত প্রদান করেন। সভায় জানান হয়, সহিংসতার সংবাদ বেশি করে গণমাধ্যমে তুলে ধরতে ইতোমধ্যে সিরাজগঞ্জ, সাতক্ষীরা, নরসিংদী, হবিগঞ্জ ও ফেনীর ১১৪ জন গণমাধ্যম কর্মীর সাথে মতবিনিময় করা হয়েছে। ইতোমধ্যে সংবাদ প্রকাশে গণমাধ্যম কর্মীদের করণীয় ২৯টি প্রশ্ন সুপারিশ আকারে দাঁড় করা হয়েছে।
যা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। মতবিনিময় সভায় সাংবাদিকদের পাশাপাশি ব্র্যাকের জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
