ইউরোলজি বিষয়ক সাধারণ জ্ঞান

আপডেট : ০৭ জুন ২০১৩, ২০:০১
দেশের প্রখ্যাত ইউরোলজিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ব-বিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ সালাম ইউরোলজি বিষয়ক সাধারণ ধারণা দেয়ার জন্য ইউরোলজি বিষয়ক সাধারণ জ্ঞান নামের একটি বই রচনা করেছেন। বাংলা ভাষায় সাধারণ মানুষের জন্য এখন পর্যন্ত কোন ইউরোলজি বিষয়ক বই রচিত হয়নি। ইউরোলজি রোগাক্রান্ত মানুষ এবং তার আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবদের পক্ষে এই ধরণের রোগ সম্পর্কে তথ্য বা জ্ঞান লাভ করা প্রায়ই সম্ভব হয়না। এ দেশের ইউরোলজি বিশেষজ্ঞগণের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে তারা বিপুল সংখ্যক রোগাক্রান্ত মানুষকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। আর চিকিত্সকদের কথার বাইরেও অনেক বিষয় থাকে যা রোগীদের এবং তাদের ঘনিষ্টজনের জানা অতি প্রয়োজন। রোগী এবং তাদের আপনজনদের মাতৃভাষায় রচিত তথ্যনির্ভর একটি পুস্তক অত্যন্ত দরকার। ইন্টারনেট এক্ষেত্রে সহায়ক হতে পারে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই ইন্টারনেট সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ সময় এবং অক্লান্ত পরিশ্রমের পরে অবশেষে বাংলা ভাষায় ইউরোলজি বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ “ইউরোলজি বিষয়ক সাধারণ জ্ঞান” প্রকাশ করা হয়। লেখক বলেছেন, ইউরোলজি বিষয়ক এই বইটি বাংলা ভাষায় রচনার আরো একটি মূল উদ্দেশ্য হল চিকিত্সা বিজ্ঞান শিক্ষার্থী, পোস্টগ্রাজুয়েট ছাত্রছাত্রী, প্রশিক্ষণার্থী এবং মেডিক্যাল প্রাকটিশনারদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করা, সেই সাথে সাধারণ মানুষকে ইউরোলজির প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে অবহিত করা। ইউরোলজি সংক্রান্ত সংকটে ভূগছে এমন রোগীর সংখ্যা আমাদের দেশে অত্যাধিক। প্রায় প্রতিটি পরিবারেই বয়স্ক সদস্যগণ মূত্র বিষয়ক জটিলতায় ভোগেন। বয়স্ক পুরুষদের প্রস্রাব আটকে যাওয়া তো খুব স্বাভাবিক ঘটনা। মহিলাগণও নানাবিধ মূত্র সমস্যায় আক্রান্ত হতে পারেন। কিডনির অকার্যকারিতার নানা কারণ এর প্রতিরোধ, প্রতিকার এবং প্রয়োজনে কিডনি সংযোজন ও ইউরোলজি চিকিত্সায় অন্তর্গত বিষয়। মূত্রতন্ত্রের ক্যান্সার যেমন কিডনির ক্যান্সার, প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার, মূত্রপথের ক্যান্সার, অন্ডকোষের ক্যান্সার ইত্যাদি অত্যন্ত গুরুতর স্বাস্থ্য সমস্যা। প্রাথমিক পর্যায়ে এ সমস্ত ক্যান্সার নিরুপণ করা গেলে এক্ষেত্রে প্রায় সম্পূর্ণ নিরাময় সম্ভব। কিন্তু বিস্তৃত হলে চিকিত্সা যেমন ব্যয়বহুল হবে, তেমনি জটিল আকার ধারণ করবে, যার ফলে আরোগ্য লাভ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। এই বইটি প্রাথমিক অবস্থায় এসব রোগ নিরুপণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। বইটিতে ইউরোলজি সংক্রান্ত সাধারণ রোগ, রোগের লক্ষণ, সতর্কতা, চিকিত্সা, ব্যবস্থাপত্র এমনভাবে বিবৃত হয়েছে, যা সর্বসাধারণের জন্যে বোধগম্য হবে। এটি পাঠ করলে একজন রোগীর সঠিক চিকিত্সা বা রোগীকে নির্দিষ্ট বিশেষজ্ঞের কাছে প্রেরণ করা সম্ভব। হয়তো অভিষ্যতে বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন এমন কী আপনি নিজেও নানাবিধ ইউরোলজিক্যাল জটিলতায় আক্রান্ত হতে পারেন, সেক্ষেত্রে এই বইটি আপনাকে সঠিক দিক নির্দেশনা এবং সেবা পেতে সাহায্য করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।