স্ত্রী লুদমিলার সঙ্গে ৩০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। ্ববৃহস্পতিবার বিশ্বের অন্যতম শক্তিধর দেশের এই নেতা ও তার স্ত্রী সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে এক অনুষ্ঠানে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে ওইদিন দু’জনের এক বিরল উপস্থিতিতে, ‘তারা আর একসঙ্গে থাকছেন না’ বলে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে পুটিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি সত্য। পুটিন জানান, দাম্পত্য অবসানের এই সিদ্ধান্তটি তারা দু’জনে মিলেই নিয়েছেন। ইদানীং আমাদের খুব কমই দেখা-সাক্ষাত্ হত। তাছাড়া আমাদের দু’জনেরই নিজস্ব একটা জীবন আছে। পুটিনের এ মন্তব্যে সায় দিয়ে লুদমিলা বলেন, ভ্লাদিমি পুরোপুরি তার কাজে ডুবে থাকেন। আমাদের মেয়েরাও বড় হয়ে গেছে, ওরা ওদের জীবন নিয়ে আছে, আর সত্যি বলতে আমি প্রচারণা পছন্দ করি না। পুটিন এর সঙ্গে যোগ করে বলেন, লুদমিলা ও আমি সারাজীবন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবো।
১৯৮৩ সালে বয়সে পাঁচ বছরের ছোট বিমানবালা লুদমিলাকে (৫৫) বিয়ে করেছিলেন পুটিন (৬০)। তাদের দুটি মেয়ে রয়েছে। লুদমিলাকে সামপ্রতিক সময়ে কমই জনসম্মুখে দেখা গেছে । এ নিয়ে রুশ সংবাদ মাধ্যমে বিভিন্ন কথাও ওঠে।
২০১২ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে তাদের দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। পুটিন অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন, ২০০৮ সালে সংবাদপত্রে এরকম একটি খবর বের হয়েছিল। তবে খবরটিতে কোনো সত্যতা নেই বলে তখন জানিয়েছিলেন পুটিন।
