চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ৭ শিশু আহত

আপডেট : ০৭ জুন ২০১৩, ২০:৫৮
চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার নামো নিমগাছী এলাকায় শুক্রবার সকালে কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে ৭ শিশু আহত হয়েছে। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, সকাল সাড়ে ১০ টা থেকে ১১টার মধ্যে নামো নিমগাছী এলাকায় স্থানীয় একটি মসজিদের পাশে গ্রামের শিশুরা ক্রিকেট খেলছিল। এসময় ক্রিকেট বলটি পাশের একটি ঝোপে পড়ে যায়। শিশুরা সেখানে বল খুঁজতে গেলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল কুড়িয়ে পায় তারা। লালটেপ দিয়ে মোড়ানো ককটেলটি নাড়াচাড়ার একপর্যায়ে বিস্ফোরিত হলে ৭ শিশু আহত হয়। আহতরা হলো নামো নিমগাছী মহল্লার শাকিল (১০), মোস্তাকিম (১০), হাসান (৭), আলিম (৬), রাবেয়া (৯), মিষ্টি (৯) ও শিয়ালা কলোনি ওয়াকিল (১০)।