নলছিটিতে গৃহবধূ রুমা হত্যা, দেবর গ্রেফতার

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:০০
নলছিটিতে চাঞ্চল্যকর গৃহবধূ রুমা (২৫) হত্যা মামলার পলাতক আসামি তার দেবর মো. আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে ওই গৃহবধূর স্বামী আল-আমিন ও তার ভাই রাজ্জাককে এখনো গ্রেফতার করতে পারেনি। তুচ্ছ ঘটনার জের ধরে গত ১১ এপ্রিল রুমাকে পিটিয়ে হত্যা করে তার স্বামী আল-আমিন, তার ভাই মো. আলী ও আ. রাজ্জাক। পরে তারা ঘটনাটিকে গলায় ফাঁস লাগিয়ে রুমা আত্মহত্যা করেছে বলে নাটক সাজিয়ে এলাকাবাসীকে জানায়। এদিকে, নলছিটিতে এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। সে পঞ্চগ্রাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। মিল্টন মল্লিক, মহসিন, আলাউদ্দিন, আনিস এবং আখতার তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আসামি মহসিনকে গ্রেফতার করেছে পুলিশ।