ঋণ না দেয়ায় মেহেরপুর ব্র্যাক অফিসে হামলা ব্যবস্থাপককে মারধর

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:০৩
ঋণ না দেয়ায় মেহেরপুর ব্র্যাক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যবস্থাপককে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর শহরের বড় বাজার এলাকার কাঞ্চন দত্ত নামের এক মহিলা মেহেরপুর ব্র্যাক অফিস থেকে পূর্বের নেয়া ঋণ পরিশোধ করে নতুন করে ৬০ হাজার টাকার ঋণ নেয়ার জন্য আবেদন করেন। এদিন ওই ঋণের টাকা নেয়াকে কেন্দ্র করে ব্র্যাকের স্থানীয় ব্যবস্থাপক স্বপন কুমারের সাথে কাঞ্চন দত্ত’র লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে একদল যুবক ব্র্যাক অফিসে হামলা চালিয়ে একটি মোটরসাইকেলসহ অফিসের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ব্র্যাকের স্থানীয় ব্যবস্থাপক স্বপন কুমারকে মারধর করলে তিনি আহত হন। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।