কসবা উপজেলায় সর্বদলীয় গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গ্যাসের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে সর্বদলীয় কমিটি ১৩ জুন সালদা গ্যাসফিল্ড অবরোধের কর্মসূচি ঘোষণা করেন। কসবা উপজেলার প্রধান সড়কে দুই সারিতে সকাল ১০টা ৫৬ মিনিট থেকে প্রায় ৩৫ মিনিট মানববন্ধনে প্রায় ২ হাজার নারী-পুরুষসহ সর্বদলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও জাপা নেতা মনিরুল হক মনির, উপজেলা যুবলীগ সভাপতি এম.জি. হাক্কানী প্রমুখ। পরে উপজেলা চেয়ারম্যান ও গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ৭ দিনের মধ্যে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি মানা না হলে ১৩ জুন সালদা গ্যাস ক্ষেত্র অবরোধ করে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
