রাজশাহীবাসী পেল গৃহস্থালীর কাজে প্রাকৃতিক গ্যাসের সংযোগ

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:০০
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজশাহীর মানুষ গৃহস্থালীর কাজে প্রাকৃতিক গ্যাসের সংযোগ পেল। গতকাল শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজশাহীতে প্রাকৃতিক গ্যাস সংযোগের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। ভাষাসৈনিক আবুল হোসেনের শিরোইল মঠপুকুরের বাড়ির চুলায় কাঠি জ্বালিয়ে তিনি গ্যাস সংযোগের উদ্বোধন করেন। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের কারণে গ্যাস সংযোগে কোন আনুষ্ঠানিকতা গ্রহণ করা হয়নি। শুধু ভাষাসৈনিকের বাড়ির চুলায় কাঠি জ্বালিয়ে বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ সময় ড. হোসেন মনসুর বলেন, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ঘরে-ঘরে গ্যাস পৌঁছে দেয়া হবে। সবাই যেন সমান অধিকার নিয়ে গ্যাস ভোগ করতে পারেন, তার ব্যবস্থা আমরা করবো। সময়মত গ্যাস সংযোগ দিতে না পারায় দুঃখ প্রকাশ করে পেট্রোবাংলার চেয়ারম্যান আরো বলেন, ‘তিনি (এএইচএম খায়রুজ্জামান লিটন) মেয়র থাকাকালে গ্যাসের সংযোগ দিতে পারিনি। তিনি বার বার তাগাদা দিয়েছিলেন বলেই তাড়াতাড়ি গ্যাস সংযোগ দেয়া সম্ভব হয়েছে।’ গ্যাস সংযোগ উদ্বোধনে রাসিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা এ ব্যাপারে ড. হোসেন মনসুর বলেন, ‘নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের মতো কাজ করছে; পেট্রোবাংলা, পেট্রোবাংলার মতো কাজ করছে। ফলে একটির সঙ্গে আরেকটির মিল খোঁজার কোন কারণ নেই। ’ গ্যাস সংযোগ দেয়ার সময় উপস্থিত ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি বলেন, ভাষাসৈনিক আবুল হোসেনের বাসায় গ্যাস সংযোগের মধ্য দিয়ে আজ (শুক্রবার) রাজশাহীর উন্নয়নের মশাল প্রজ্বলিত হলো। যে লড়াই-সংগ্রাম করে রাজশাহীবাসী গ্যাসের সংযোগ পেল তার ইতিহাসে লিটনের নাম লেখা থাকবে। ’ এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, ভাষাসৈনিক আবুল হোসেন ও ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি প্রমুখ। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.’র (পিজিসিএল) রাজশাহী অফিসের ইনচার্জ প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, গত বুধবার পর্যন্ত রাজশাহী পিজিসিএল অফিসে ৫ হাজার ৩০০ গ্রাহকের গ্যাস সংযোগের আবেদনপত্র জমা পড়েছে। সকল আবেদনকারীকে পর্যায়ক্রমে গ্যাস সংযোগ দেয়া হবে।