সিঙ্গাপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের যাত্রীসংখ্যা দিন দিন হ্রাস পচ্ছে। সরকার বিপুল অংকের আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিমানের সিঙ্গাপুর অফিস সূত্রে জানা যায়, সিঙ্গাপুর-ঢাকা রুটে বোয়িং-৭৩৭ বিমান চলাচল করে থাকে। ১৬২ আসনবিশিষ্ট এই উড়োজাহাজে প্রতিদিন ১২০ থেকে ১২৫জন যাত্রী আসা-যাওয়া করে। বাকি সিটগুলো শূন্য পড়ে থাকে। এ কারণে বিমান বছরে প্রায় ৪ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে। গত বছরও বিমান এই অনুপাতে যাত্রী নিয়ে চলাচল করেছে। সিঙ্গাপুরে চাকরিরত এবং বাংলাদেশ বিমানে নিয়মিত যাতায়াতকারী বাংলাদেশি ইঞ্জিনিয়ার কবীর হোসেনসহ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, মাসের বেশিরভাগ দিনই বিমান নির্ধারিত সময়ে উড্ডয়ন করে না। ফলে সিডিউল বিপর্যয়ে যাত্রীরা দুর্ভোগ পোহায়। এসব কারণে যাত্রীরা বিমান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। স্বাভাবিক কারণেই দিন দিন যাত্রীসংখ্যা হ্রাস পাচ্ছে। বিমানের বাংলাদেশে আসা-যাওয়ার একটি টিকিট ৭২০ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশি ৪৬ হাজার টাকা) মূল্যে বিক্রি হয়। টিকিটের মূল্য বেশি হওয়ার কারণেও যাত্রীর সংখ্যা কমছে বলে অনেকে মন্তব্য করেন। এ প্রসঙ্গে সিঙ্গাপুরে নিযুক্ত বিমানের কান্ট্রি ম্যানেজার মো. আরিফুল্লাহ মুঠোফোনে ‘ইত্তেফাক’কে বলেন, নির্ধারিত সময়ে বিমান উড্ডয়ন না করায় যাত্রীরা বিমান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং যাত্রী কম এই অভিযোগ সঠিক নয়। জানুয়ারি থেকে জুন পর্যন্ত অফ্ সিজন হওয়ায় যাত্রীসংখ্যা কিছুটা কম হয়।
