ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, এ সরকারের প্রস্তাবিত শেষ বাজেট দুর্নীতির বার্ষিক বরাদ্দপত্র। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ ধরনের মন্তব্য করে বলেন, বিশাল অংকের বাজেট দিয়ে অর্থমন্ত্রী গৌরববোধ করলেও সাধারণ জনগণ এর কতভাগ সুফল পাবে তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে।
পীরসাহেব চরমোনাই বলেন, বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় এবারের বাজেটেও সরকারদলীয় নেতা-কর্মীদের লুটপাটের সুবিধার দিকে লক্ষ্য রেখে বরাদ্দ দেয়া হয়েছে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাজেটের বিশাল অংশ সরকারদলীয় এমপি ও নেতা-কর্মীদের পকেটে যাবে। বাজেটে বরাবরের মত কালো টাকা সাদা করার সুযোগ রাখায় দুর্নীতিকে আরো উত্সাহিত করা হবে।
তিনি বলেন, সংবাদপত্রের উপর রেয়াত প্রত্যাহার ও নতুন করে কর আরোপ দেশের সংবাদপত্রের বিকাশের জন্য হুমকি হয়ে দেখা দেবে। সংবাদপত্র হলো জাতির বিবেক, একে সরকারি পৃষ্ঠপোষকতা দেয়ার বদলে প্রতিবন্ধকতা সৃষ্টি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। প্রস্তাবিত ঘাটতি বাজেটে উচ্চ সুদে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ঋণ নেয়ার প্রস্তাব থাকায় এই সুদের দায়ভার সাধারণ জনগণকেই বহন করতে হবে। পীরসাহেব চরমোনাই অর্থমন্ত্রীসহ সকল সংসদ সদস্যকে দেশ ও জনগণের স্বার্থের কথা চিন্তা করে জনবান্ধব বাজেট পাস করার আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি
