বাস্তবতাবর্জিত নির্বাচনমুখী রাজনৈতিক চাতুর্যপূর্ণ এক বাজেট

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:৪১
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নতুন অর্থবছরের প্রস্তাবিত বিশাল ঘাটতি বাজেট বাস্তবতাবর্জিত নির্বাচনমুখী জনতুষ্টির এক উচ্চাভিলাষী বাজেট। এটি অশোভন আশাবাদের রাজনৈতিক চাতুর্যপূর্ণ বাজেট। সরকারের পক্ষে এ ঘাটতি বাজেট বাস্তবায়ন করা কিছুতেই সম্ভব হবে না। গতকাল শুক্রবার বাজেট সম্পর্কে দলের প্রতিক্রিয়া জানিয়ে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, বিশাল অঙ্কের বাজেটে সরকার আত্মতুষ্টির ঢেকুর তুললেও জনগণের সন্তুষ্ট হওয়ার মত কোন কারণ নেই। বাজেটে জনকল্যাণের কোন ব্যবস্থা নেই। সামগ্রিকভাবে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের খুশি করতে একটি জনতুষ্টিমূলক বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। এডিপি বহির্ভূত প্রকল্প ও কাজের বিনিময় খাদ্য খাতে যে টাকা বরাদ্দ রাখা হয়েছে তা মূলত মহাজোটের নেতাকর্মীদের দুর্নীতির সুযোগ করে দিয়ে মোটা-তাজা করার জন্যই রাখা হয়েছে। এবারের বাজেটেও কালো টাকা সাদা করার অনৈতিক ব্যবস্থা রাখা হয়েছে, যা দুর্নীতিকে আরো উত্সাহিত করবে। বাস্তবায়নের দায়হীন, জনতুষ্টিমূলক, সরকার ও সরকার দলীয় স্বার্থরক্ষার এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার এ বাজেট জনগণ প্রত্যাখ্যান করছে।