তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উন্নতির জন্য কোন সহজ রাস্তা নেই। তিনি বলেন, প্রফেশনাল ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্যের জন্য স্বনির্ভরতা, অধ্যবসায় এবং ভিন্ন লিঙ্গের প্রতি সম্মানবোধ থাকা বাঞ্ছনীয়। তিনি এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিখ্যাত মানবাধিকার কর্মী ‘এলা বাকের’র একটি বিখ্যাত উদ্ধৃতি উপস্থাপন করে বলেন, স্ট্রং পিপল ডোন্ট নিড স্ট্রং লিডারস। তিনি গতকাল রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকরি প্রত্যাশীদের জন্য ‘৮ম জাতীয় ক্যারিয়ার ফেয়ার-২০১৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কাজের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা থাকলে কর্মজীবনে অনেককিছুই সহজে অর্জন করা যায়। তাই যেকোন কিছু অর্জনের জন্যই আগে কাজের শুরুটা খুব জরুরি। এ প্রসঙ্গে তিনি গ্রীক দার্শনিক প্লেটো’র বিখ্যাত উক্তি-‘বিগিনিং ইজ দ্যা মোস্ট ইমপর্টেন্ট পার্ট অফ দি ওয়ার্ক’ তুলে ধরে ব্যক্তিজীবনের বেশ কিছু অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করেন।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ হাশেম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, ডিন অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, অধ্যাপক ড. কে এম খসরু মিয়া প্রমুখ। দুদিনব্যাপী ক্যারিয়ার ফেয়ারে ৭টি কর্পোরেট হাউজ এবং ব্যবসায়ী সংগঠন নবীন গ্রাজুয়েটদের সঠিক কর্মজীবন বেছে নেয়ার দিক-নির্দেশনা নিয়ে মেলায় বিভিন্ন স্টল পরিচালনা করছে।
