বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মজনু ও নাহিদ হত্যাকাণ্ডে জড়িত তালিকাভুক্ত সন্ত্রাসী জালালউদ্দিন ওরফে ঝন্টু ও পিয়াস ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ত্রাসী ঝন্টুকে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় পিয়াসকে গ্রেফতার করা হয় বগুড়া শহরের কলোনি এলাকা থেকে। ঝন্টুর ইটভাটায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহূত ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল, চাপাতি ও চাকু উদ্ধার করেছে পুলিশ। ঝন্টু পালানোর চেষ্টা করলে পায়ে গুলি করে পুলিশ তাকে আটক করে। সে বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিত্সাধীন।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক শুক্রবার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল বগুড়া জেলা যুবলীগ নেতা মজনু মিয়া ও নাহিদ হত্যা মামলার অভিযুক্ত শাজাহানপুরের বেজোড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে পিয়াস ইসলামকে আটক করে। পিয়াসের দেয়া তথ্যমতে ডিবি বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিমপাড়ার আবু তালেবের বাড়ি থেকে জালাল আহম্মেদ ঝন্টুকে (৩৫) আটক করে। গত ২৬ মে বগুড়ার শাজাহানপুর উপজেলপার গণ্ডগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপনের বাড়িতে যুবলীগ নেতা মজনু ও নাহিদকে হত্যা করা হয়।
