ঈদের আগেই ২১ হাজার কিমি সড়ক চলাচলের উপযোগী করা হবে

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:৪৩
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে ২১ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এ সড়কগুলো ঈদের আগে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে। গতকাল শুক্রবার বেনাপোলে নির্মাণাধীন বন্দর বাইপাস সড়ক পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, রবিবার মন্ত্রী পরিষদের বৈঠকে নিরাপদ সড়ক বাস্তবায়ন আইন পাস করা হবে। এরপর ১৫ জুন থেকে সারা দেশে সড়ক-মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে। এর সঙ্গে বন্ধ করে দেয়া হবে নসিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, যশোর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী কাজী মোহাম্মাদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বুলবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হুদা প্রমুখ।