বাজেট বিউটিফুল বেলুন :মওদুদ

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:৫৫
বাজেটকে ‘বিগ বিউটিফুল বেলুন’ হিসেবে অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। বেলুন যেমন আকাশে ছেড়ে দিলে সুন্দর দেখায় তবে কারো উপকারে আসে না। ঠিক তেমনি প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। ব্যারিস্টার মওদুদ বলেন, বর্তমান সরকারের শেষ বাজেটে মুদ্রাস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমবে। সাধারণ মানুষের কষ্ট বাড়বে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইসলামিক পার্টি আয়োজিত ‘প্রাণবন্ত জাতীয় সংসদের পূর্বশর্ত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান এডভোকেট আব্দুল মোবিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, মুসলিম লীগের সভাপতি এডভোকেট নূরুল হক মজুমদার, এনপিপির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ। মওদুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকলে দেশে আজ কোনো সংকট থাকতো না। দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না এটা আজ সবচেয় বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। গত ৪ বছরে অব্যাহতভাবে বিরোধী দল নিশ্চিহ্ন করতে সরকার চেষ্টা করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করবে। কারণ সময় হলেই তারা বুঝতে পারবেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল ছাড়া গণতন্ত্রের পথে টেকা যাবে না। তিনি অভিযোগ করেন, পরমতসহিষ্ণুতা ও আওয়ামী লীগ বিপরীত শব্দ। চার বছর ধরে আওয়ামী লীগ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। এর পরিণতি ভয়াবহ হবে। এর মাশুল একদিন এই সরকারকে দিতেই হবে।