বন্ধের আহ্বানের তিনদিনের মধ্যে ফের ড্রোন হামলা, নিহত ৭

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৩৯
যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধ করতে হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেয়া নওয়াজ শরীফের আহ্বানের তিনদিনের মধ্যেই দেশটিতে ফের ড্রোন হামলা চালাল যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে চালানো এ হামলায় ৭ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। গত বুধবার নওয়াজ শরীফ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর অভিষেক ভাষণেই ড্রোন হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি জোর দাবি জানিয়েছিলেন। ড্রোন হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বর্ণনা করে তিনি বলেন, অন্য দেশের সার্বভৌমত্বকে আমরা সম্মান করি, আর তাই যুক্তরাষ্ট্রেরও আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করা উচিত। এ হামলা বন্ধ করতে হবে। কিন্তু নওয়াজের আহ্বান উপেক্ষিত হল। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীর আহ্বান উপেক্ষিত হওয়ায় বিষয়টি পাকিস্তান-যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসা তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান সাবেক ক্রিকেটার ইমরান খানও পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা চালানোর ঘোর বিরোধী। শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে আফগান সীমান্তের একটি বাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। বাড়িটি লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অপর এক ড্রোন হামলায় পাকিস্তান তালেবানের দ্বিতীয় শীর্ষ নেতা ওয়ালি-উর-রেহমানসহ সাত জন নিহত হওয়ার দশ দিন পর নতুন এ হামলা চালানো হল।