পাক সেনার গুলিতে জম্মুতে ভারতীয় সেনা নিহত

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪০
ভারতের সেনাবাহিনী বলেছে, বিতর্কিত কাশ্মিরে জম্মু অঞ্চলের যুদ্ধবিরতি লাইন বরাবর সীমান্তের ওপার থেকে ‘বিনা উস্কানিতে’ পাকিস্তানি সেনাদের চালানো গুলিতে একজন ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতীয় এক সামরিক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, “পুঞ্চ সেক্টরে মান্ডির কাছের একটি ফাঁড়িতে পাকিস্তানি স্নাইপারদের গুলিতে মারা গেছেন জুনিয়র কমান্ডিং অফিসার বচন সিং।”—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। কর্মকর্তারা বলছেন, ভারতীয় সেনারা ওই হামলার জবাব দিলে দু’পক্ষে ৪০ মিনিট ধরে গুলিবিনিময় হয়। তবে ইসলামাবাদ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এর আগে জানুয়ারিতে ভারত-পাকিস্তান সীমান্তে কয়েকবার প্রাণঘাতী হামলার ঘটনায় দু’দেশের সম্পর্কে অবনতি ঘটে। শুক্রবারের হামলাটি পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্ষমতায় আসীন হওয়ার পর প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা।