ক্যাম্পে যোগ দিচ্ছেন হকি খেলোয়াড়রা

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪০
অবশেষে খেলোয়াড়দের সাথে সমঝোতায় পৌঁছাতে পারলো বাংলাদেশ হকি ফেডারেশন। গত শুক্রবার ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী সাথে আলোচনার পর ক্যাম্পে যোগ দিচ্ছেন খেলোয়াড়রা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে এটিএন বাংলা গোল্ড কাপ জাতীয় হকি টুর্নামেন্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ফেডারেশন সভাপতি বলেন, ‘আমি খেলোয়াড়দের সাথে কথা বলেছি, তাদের অনুরোধ করেছি, হকির স্বার্থে মাঠে ফিরে যেতে। আমি বলেছি, আপনাদের কাজ মাঠে ভালো ফারফর্ম করা, এটাই ঠিক-ঠাক মতো করে যাবেন। আপনাদের কোন সমস্যা হলেও সেটা ফেডারেশন থেকে সমাধান করার চেষ্টা করবো। কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের যথাযথভাবে পালন করতে হবে। আমি আশা করি, জুনের ১০ তারিখ হতে হকি ক্যাম্প শুরু হবে, সেখানে যে ক’জন হকি খেলোয়াড় যোগ দেয়ার কথা তারা প্রত্যেকে যোগ দিবে।’ দল-বদল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আগামী মাসের শুরুতে হকির দল-বদল। প্রত্যেকটি ক্লাবের সাথে আলোচনা করেই এই তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি, নির্ধারিত তারিখেই হকির দল-বদল হবে। হকির সভাপতি ক্লাবগুলোকে উদ্দেশ্য করে বলেন, দল-বদলের সাথে অন্য কোন কিছু সম্পর্কযুক্ত করা যাবে না।’ নির্বাচন প্রসঙ্গে হকি ফেডারেশনের সভাপতি এনামুল বারী বলেন, ‘নির্বাচন নিয়ে আমি কোন কিছু বলতে চাই না। আমি আশা করবো এমন একটি টিম আসবে যাদের নিয়ে আমি এগিয়ে যেতে পারবো হকির উন্নয়নে। আমার চাওয়া-পাওয়া একটাই হকি মাঠে থাকবে এবং বহুদূর এগিয়ে যাবে।’ আগামী ১০ জুন থেকে কোচ মাহবুব হারুনের অধীনে মালয়েশিয়ার এশিয়া কাপকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে হকির ক্যাম্প। হকির সাথে পাঁচ বছরের চুক্তি এটিএন বাংলার গোল্ডকাপ জাতীয় হকি টুর্নামেন্টের জন্য হকি ফেডারেশনের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিতে আবদ্ধ হয়েছে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা। গতকাল শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভবনের এক সংবাদ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল খাজা রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড: মাহফুজুর রহমান। আগামী ২০১৪ সালের ১৪ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত চলবে এ টুর্নামেন্টটি। এ টুর্নামেন্টের জন্য এটিএন বাংলা থেকে প্রতি বছর ২০ লাখ করে পাঁচ বছরে মোট এক কোটি টাকা হকি ফেডারেশনকে প্রদান করা হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপের প্রাইজমানি বহন করবে এটিএন বাংলা।