ঔপনিবেশিক আমলের নির্যাতনের জন্য ক্ষতিপূরণ

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪১
গত শতকের পঞ্চাশের দশকে কেনিয়ায় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইরতদের ওপর নির্যাতনের জন্য ক্ষতিপূরণ দেবে যুক্তরাজ্য। ওই নির্যাতনের জন্য অনুতাপও প্রকাশ করেছে প্রায় দেড়শ’ বছর ভারতবর্ষ শাসন করে যাওয়া দেশটি, যাদের ঔপনিবেশিক শাসনের সময়কার নির্যাতন-নিপীড়নের ক্ষত রয়েছে বাংলার মাটিতেও। কেনিয়ায় ব্রিটিশ শাসন অবসানের জন্য যারা অস্ত্র ধরেছিলেন তাদের মধ্যে নির্যাতনের ক্ষত নিয়ে বেঁচে থাকা ব্যক্তিরা এ ক্ষতিপূরণ পাবেন। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। এমন পাঁচ হাজার দুইশ’ ব্যক্তির জন্য তিন কোটি ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ। বৃহস্পতিবার লন্ডনে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, “ব্রিটিশ সরকার স্বীকার করে যে, ঔপনিবেশিক প্রশাসনের হাতে কেনিয়ার জনগণ নির্যাতনসহ নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। এসব নির্যাতন-নিপীড়নের জন্য ব্রিটিশ সরকার অনুতপ্ত।” গত অক্টোবরে আদালতের এক আদেশে কেনিয়ার তিন নাগরিক ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়ে নির্যাতনের জন্য ব্রিটিশ সরকারের কাছে কৈফিয়ত তলবের অনুমতি পায়। তারপর ওই সময়ের নির্যাতনের জন্য ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে বিষয়টির রফা করে ব্রিটিশ সরকার।