দক্ষিণ কোরিয়া স্থান পরিবর্তন চায়

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪২
দক্ষিণ কোরিয়া এ সপ্তাহান্তে উত্তর কোরিয়ার ওয়ার্কিং-লেভেল বৈঠকের প্রস্তাব শুক্রবার মেনে নিয়েছে। তবে তারা আলোচনার স্থান পরিবর্তন করে সীমান্তবর্তী যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে করার অনুরোধ জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আন্তঃসীমান্ত হটলাইন ব্যবহার করে পিয়ংইয়ংকে অনুরোধ জানানো হয়েছে। এর আগে উত্তর কোরিয়া হটলাইন পুনরায় চালু করে। উত্তর কোরিয়া বুধবার সিউলে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে যৌথ শিল্পাঞ্চল কায়েসংয়ে ওয়ার্কিং-লেভেল বৈঠক করতে চায়। কোরীয় উপদ্বীপ অঞ্চলে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় গত এপ্রিল মাসে পিয়ংইয়ং এ শিল্পাঞ্চল বন্ধ করে দেয়।