শাস্তি হতে পারে রামদিনের

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪৪
আইসিসি’র কোড অব কন্ডাক্ট অমান্য করায় শাস্তির মুখোমুখি হতে পারেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক দিনেশ রামদিন। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে গত শুক্রবার ওভালে অনুষ্ঠিত ম্যাচে কেমার রোচের বলে পাকিস্তানী অধিনায়ক মিসবাহ-উল-হক উইকেটের পিছনে ক্যাচ তুলে দিলে অস্ট্রেলিয়ান আম্পায়ার স্টিভ ডেভিস আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু পরবর্তীতে লেগ আম্পায়ার নিগেল লংয়ের আবেদনে থার্ড আম্পায়ার টনি হিলের কাছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য দেয়া হলে রিপ্লেতে ধরা পড়ে ক্যাচটিতে রামদিনের পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না। আইসিসির এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল দুই ধারা ভঙ্গ করার অভিযোগে রামদিনকে অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনায় রামদিন কোন দোষ স্বীকার করেননি। তাই আইসিসি জানিয়েছে আগামী সোমবার এ সংক্রান্ত শুনানী অনুষ্ঠিত হবে। ঘটনাটিতে দোষী সাব্যস্ত হলে রামদিনকে হয়তবা ম্যাচ ফি’র ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।