অবৈধ পণ্য বহনে হিজড়াদের ব্যবহার

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪৪
নীলফামারী জেলার সৈয়দপুর থেকে চলাচলকারী ট্রেনগুলোতে বন্ধ হয়নি অবৈধ মালামাল বহন। চোরাচালানী নারী-পুরুষের দখলে থাকে যাত্রীবাহী ট্রেনগুলো। প্রকাশ্যে শতাধিক নারী-পুরুষ অবৈধ ভারতীয় বিভিন্ন পণ্য রেলওয়ে থানার সামনে দিয়ে নিয়ে গেলেও বাধা নেই পুলিশের। সৈয়দপুর থেকে হিলি পর্যন্ত চোরাকারবারীদের সহায়তায় ট্রেনের গার্ড, জিআরপি পুলিশ, টিটিসহ দায়িত্বে থাকা অন্যান্য বাহিনী অর্থের বিনিময়ে ট্রেনগুলোতে নিরাপদে এসব মালামাল পরিবহনে সহায়তা করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন চোরাপথে ট্রেনগুলোতে ২৫ থেকে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য আসছে। এমনকি অনেক ব্যবসায়ী চোরাকারবারী নিরাপদ করতে হিজড়া বাহিনীকে বেছে নিয়েছে। তারা প্রতিদিন সহজে এসব অবৈধ মালামাল বহন করছে। এর আগে বেশ কয়েকবার অভিযান চালিয়ে মালামাল আটক ও গ্রেফতার করা হলেও বর্তমানে এই অভিযান ঝিমিয়ে পড়েছে। ফলে বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারীরা। ট্রেনের জানালা, সিটের ভেতর, বাথরুমে, শরীরের ভেতরসহ নানা স্থানে অবৈধ পণ্য লুকিয়ে রাখা হয়। এতে ট্রেন যাত্রীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। এসব নিয়ে কথা বলতে গেলে যাত্রী সাধারণকে অনেক সময় নাজেহালও হতে হয়।