কুমিল্লার চৌদ্দগ্রামে বাকিতে জিনিসপত্র বিক্রি না করায় হতদরিদ্র মহিলার দোকানে আগুন দিয়েছে একটি চক্র। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগণ্ডা বাকাবটগাছ রাস্তার মাথায় ঘটনাটি ঘটে।
চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আইয়ুব আলীর স্ত্রী আলেয়া বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মহাসড়কের পূর্ব পাশে একটি গুড্ডী দোকানঘরে চা ও অন্যান্য জিনিসপত্র বিক্রি করে আসছিল। কয়েক সপ্তাহ ধরে আমানগণ্ডা গ্রামের সামছুল হকের ছেলে শ্যামল মিয়া, মৃত আবদুল হকের ছেলে রিপন, নূর আহমদের ছেলে মিজান, কাবুল মিয়া ড্রাইভারের ছেলে জাফর আহমদ ও আলী আজ্জমের ছেলে মোশারফ হোসেনসহ একটি চক্র বাকিতে বিভিন্ন জিনিস নেয়ার প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় উল্টো পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ব্যাপারে অভিযুক্ত শ্যামল মিয়া ও রিপন বলেন, আলেয়া বেগম কিংবা তার দোকান নিয়ে আমাদের সাথে কোন ঘটনা ঘটেনি। চাঁদা দাবির কথা সত্য নয়।
