আমতলী উপজেলার বাইনবুনিয়া ও গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত এনামুল হক ও নাইম তালুকদার নামের দুই জন প্রার্থী নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদন না পেয়ে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে গত ৩ জুন ও ৫ জুন তারিখে আমতলীর সহকারী জজ আদালতে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুটি ভিন্ন মামলা দায়ের করেছেন। আদালত মামলা দুটি আমলে এনে ওই দুই বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগ স্থগিত করে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদিরা অভিযোগ করেন, তারা দপ্তরী কাম প্রহরী পদের জন্য গত ২৪ ডিসেম্বের ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন এবং নিয়োগ কমিটির নির্বাচিত প্রার্থী প্যানেলের তিনজনের নামের তালিকায়ও শীর্ষে রয়েছেন। কিন্তু আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে বঞ্চিত করে প্রার্থী প্যানেল তালিকায় ২য় স্থানে অবস্থানকারীদের নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এ ব্যাপারে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো:আব্দুল্লাহ বলেন, মামলার বিষয়ে কোন মন্তব্য করব না। তবে যথাযথভাবে বিধি মেনেই চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
