সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪৮
গৌরীপুরে বিএনপি নেতার মুক্তি দাবিতে মানববন্ধন গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুরে গ্রেফতারকৃত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কোয়াসম উদ্দিনের মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার গৌরীপুর পৌর শহরের বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন ও সোনালী ব্যাংক সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ। গাজীপুরে ভেজাল বিরোধী অভিযান গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জয়দেবপুর শহরের হাড়িনাল বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সিটি কর্পোরেশনের স্যানটারি ইন্সপেক্টর মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি শাহাবুদ্দিন আহমেদ জানান, ওই বাজারে ৫৫ জন দুধ ব্যবসায়ীর ১২৭ কেজি দুধ পরীক্ষা করা হয়। এ সময় ২৭ কেজি দুধে পানি মিশ্রিত অবস্থায় শনাক্ত করে দুধগুলো বিনষ্ট করা হয়। রানিনগরে আশার উঠান বৈঠক রানিনগর (নওগাঁ) সংবাদদাতা \ গতকাল শনিবার বে-সরকারি এনজিও সংস্থা আশা’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় নওগাঁর রানিনগরে আশা’র ৭টি ব্রাঞ্চে একযোগে মহিলাদের নিয়ে মশা-মাছিবাহিত রোগ ও তার প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোরেলগঞ্জে চা পান করে ৪ জন অসুস্থ মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে শুক্রবার সন্ধ্যায় চা পান করে দুই গৃহবধূ শিশুসহ ৪ জন অসুস্থ হয়ে পড়েছে। এরা হল, কালাম চাপরাশি, স্ত্রী ফরিদা বেগম, পুত্রবধূ লিপি ও নাতি রুবেল। এদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় কালাম চাপরাশি ও স্ত্রী ফরিদা বেগমকে মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালীতে প্রতিবন্ধীদের মানববন্ধন নোয়াখালী প্রতিনিধি \ সরকার কর্তৃক স্বাক্ষরিত জাতিসংঘ সনদের আলোকে অধিকার ভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন বাস্তবায়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের সকল স্তরে আসন সংরক্ষণ, জাতীয় বাজেটে এক শতাংশ বরাদ্দসহ তিন দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে প্রতিবন্ধীরা। গতকাল শনিবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংগঠনের জেলা আহবায়ক আবু আবদুল্যাহ, যুগ্ম আহবায়ক প্রতিভা রাণী দাস ও সদস্য সচিব আলতাফ মাহমুদ বক্তব্য রাখেন। সোনারগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল সোনারগাঁও (না.গঞ্জ) সংবাদদাতা \ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার উপজেলার বৈদ্যের বাজার ইউপির চাঁন্দেরকীর্ত্তি এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন। সীতাকুণ্ডে ১১টি দোকান ভস্মীভূত সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা \ সীতাকুন্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান পুড়ে গেছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ভাংচুর করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সীতাকুন্ড উপজেলার পন্থীছিলা নামকস্থানে রফিক আহমদের মালিকানাধীন মার্কেটের একটি পরিত্যক্ত দোকান থেকে আগুন লেগে তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান পুড়ে যায়। ধামরাইয়ে গার্লস কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল শনিবার ধামরাই উপজেলার রাজাপুরে বেগম আনোয়ারা গার্লস কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে প্রধান অতিথির ভাষণে ধামরাই এর স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই কলেজের প্রতিষ্ঠাতা মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম। বিশেষ অতিথি ছিলেন ফজলুর রহমান খান ফারুক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন, এমপি টাঙ্গাইল-৭; সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন, ধামরাই। তেরখাদার তিন বাড়িতে ডাকাতি তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ মোকামপুর পুলিশ ফাঁড়ির টহল দলের মাত্র ৩০০ গজের মাথায় শুক্রবার রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের পাটগাতি এলাকায় ৩ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে সদর্পে চলে যায়। নাসিরনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে ২০১১-১২ সালে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত নাসিরনগর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় থেকে ১৬ জন কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বিদ্যালয়ে শিশুদের শতভাগ উপস্থিত, ঝরে পড়া রোধে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মা-বাবার উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ গত ০২ জুন ২০১৩ তারিখ রবিবার হতে ২০ জুন ২০১৩ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৩ জুন ২০১৩ তারিখ রবিবার যথারীতি ক্লাশ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ০৯ জুন ২০১৩ তারিখ রবিবার হতে ১৩ জুন ২০১৩ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৬ জুন ২০১৩ তারিখ রবিবার হতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ চালু হবে। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে গতকাল শনিবার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ ছাড়া আরো ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং নারায়ণপুর ফ্লাড সেন্টার হতে জহুরপুর ঘাট পর্যন্ত দেড় কি.মি রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর কবির আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জীবননগরে ডায়াবেটিস নির্ণয়ে মেডিক্যাল ক্যাম্প জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা\ গতকাল শনিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদ ভবনে ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি প্রকল্পের উদ্যোগে এ ইউনিয়নের চিকিত্সা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের ফ্রি ডায়াবেটিকস রোগ নির্ণয়, ওষুধ প্রদান ও চিকিত্সাসেবা দেওয়া হয়। এ উপলক্ষে ইউপি হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইত্তেফাক সংবাদদাতা মুন্সী মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা হ্রাসে র্যালি চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে র্যালি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের আয়োজনে চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আইনজীবী সমিতি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুুুবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন। রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় গতকাল শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে একজনের মৃত্যু ও আরো ২ জন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানায়, গাইবান্ধার পলাশবাড়ী থেকে গম বোঝাই ট্রাক মেঘনা ফ্রেস কোম্পানীতে যাওয়ার পথে রূপগঞ্জের কালাদী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ট্রাকের যাত্রী পলাশবাড়ী থানার একই পরিবারের রাসেল মিয়া (৫০), তার স্ত্রী সখিনা বেগম (৪০) ও ছেলে লাভলু মিয়া (৯) গুরুতর আহত হয়। নেত্রকোনা বিএনপির কর্মীসভা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা বিএনপির কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল শনিবার হাসপাতাল সড়কে আঞ্চলিক কার্যালয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামানের সভাপতিত্বে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও নেত্রকোনা জেলা বিএনপি নেতা ডাঃ আনোয়ারুল হক। মেলান্দহে আলেমদের সাথে এমপির মতবিনিময় মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে আলেম-ওলামাদের সাথে জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপির মতবিনিময় সভা শুক্রবার জামেয়া হুসাইনিয়া মাদ্রাসা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। হাফেজ মুফতী মাও: আব্দুল্লাহ এতে সভাপতিত্ব করেন। নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের সভা নওগাঁ প্রতিনিধি \ নওগাঁয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার অস্থায়ী কর্মচারী স্থায়ীকরণ কমিটি নওগাঁর উদ্যোগে নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ কেডি সরকারি বিদ্যালয়ের কর্মচারী আবু তাহের। দশমিনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ দশমিনা উপজেলা সম্মেলন আনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দশমিনা সদর কেন্দ্রীয় কালি মন্দিরে সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য অধীর দাস, প্রধান বক্তা পটুয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস। সভাপতিত্ব করেন এ্যাডভোকেট উত্তম কর্মকার (এপিপি)। জগন্নাথপুরে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীমের সেমিনার জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীমের ডিএস এফ কমিটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সেমিনারে ইউএনও হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। নওগাঁয় আখ চাষে প্রশিক্ষণ নওগাঁ প্রতিনিধি \ বৈজ্ঞানিকভাবে আধুনিক পদ্ধতিতে নওগাঁর অপ্রচলিত ফসল আখ চাষ শুরু হয়েছে। অল্প জমিতে বেশি লাভ করতে আখ ও সাথীফসল উত্পাদনের আধুনিক প্রযুক্তি শীর্ষক দিনব্যাপী আখ চাষে শুক্রবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. এসইউকে ইউসুফজাই। তাড়াশের আদিবাসী একাডেমীতে সংবর্ধনা চলনবিল সংবাদদাতা \ শুক্রবার তাড়াশ উপজেলার ক্ষীরপোতা আদিবাসি একাডেমীতে সিরাজগঞ্জ জেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর উরাঁও সমপ্রদায়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্নাতক সম্মান ও মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ইসলামপুরে কোরআন শরীফ বিতরণ ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ শুক্রবার ইসলামপুর মোশারফগঞ্জ টংগেরআগলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত হাফেজ শিক্ষার্থীদের মাঝে ১৫টি পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। ওই দিন বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে ইমাম হাফেজ মাওলানা এমদাদুলের সভাপত্বিতে মাদ্রাসা-মসজিদ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। চান্দিনায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১৪ চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা ও ইলিয়টগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর গ্রামের আবুল কাশেম-এর ছেলে বাস চালক মানিক মিয়া (৩৫), অজ্ঞাত এক যুবক (২৫) ও চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের কামরুজ্জামান কাউসারের ছেলে শামসুজ্জামান শিশু সূর্য (৫)। চাঁপাইনবাবগঞ্জে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের র্যালি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে গতকাল শনিবার গণতান্ত্রিক বাজেট আন্দোলনের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শহীদ সাটু হল এলাকা থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম বাগানে সমাবেশ করা হয়। স্বরূপকাঠিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল শনিবার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা (ডিগ্রি) কলেজের উদ্যোগে ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাহাদুর, মো. হারুন অর রশিদ, মুহা. আব্দুল হামিদ ও অভিভাবক খান মুহাম্মদ বাকী বিল্ল¬াহ প্রমুখ।