কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝাড়ু মিছিল

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৫১
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর রবিউল আলম মিলুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার নগরীতে ঝাড়ু মিছিল, নির্বাচন অফিস ও মহানগর পুলিশ কমিশনারের অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। বেলা ১১টার দিকে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ষষ্টিতলা এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে ঝাড়ু মিছিলটি লক্ষ্মীপুর এলাকার রিটার্নিং অফিসারের অফিস ঘেরাও করে। পরে তারা নির্বাচন অফিস ও পুলিশ কমিশনারের কাছে তিন পাতার বিস্তর অভিযোগ সম্বলিত স্মারকলিপি পেশ করে। পরে নির্বাচন অফিস থেকে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসী তাদের কর্মসূচি প্রত্যাহার করে। এলাকাবাসীর অভিযোগ, রবিউল আলম মিলু তার পক্ষের সন্ত্রাসী ও হত্যা মামলার আসামিদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গভীর রাতে প্রবেশ করে তার মোরগ মার্কা প্রতীকে ভোট দেয়ার জন্য হুমকি-ধমকি দিয়ে আসছে। প্রায় প্রতি রাতেই তারা এ কাজ করছে। সর্বশেষ শুক্রবার নগরীর কাদিরগঞ্জ এলাকায় সাধারণ নাগরিকদের ঢিল ছুঁড়ে মারে ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার এলাকাবাসী একজোট হয়ে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। এর আগে মিলুর সমর্থকরা ষষ্টিতলা এলাকার সংখ্যালঘুদের বাড়িতে গিয়েও ভয়ভীতি দেখায় বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে কাউন্সিলর রবিউল আলম মিলুকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ ছিল।