কামরাঙ্গীরচরে দিনেও মশা কামড়ায়!

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:১৪
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা কামরাঙ্গীরচরে মশার উত্পাত ইদানীং অসম্ভব বেড়ে গেছে। মশার সাঁড়াশি আক্রমণে পড়ালেখা করতে পারছে না শিক্ষার্থীরা। একাধিক কয়েল জ্বালিয়েও ঘর থেকে মশা দূর করা যাচ্ছে না। প্রতিদিন সন্ধ্যার পর মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠেন গৃহিণীরা। শুধু রাতেই নয় দিনেও মশার কামড়ে অস্থির থাকতে হয়। এ অবস্থায় মশার ওষুধ ছিটানো জরুরি হয়ে পড়েছে। সরকার মেট্রোপলিটন এলাকা গোটা কামরাঙ্গীরচরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আনে। ২০১০ সালে সুলতানগঞ্জ ইউনিয়নের ১,২,৩ ও ৪,৫,৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠন করা হয় যথাক্রমে ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৩ ফেব্রুয়ারি গোটা কামরাঙ্গীরচরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আনার ঘোষণা দিলে বাকি ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে ৫৭ নম্বর ওয়ার্ডে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়। ২০১০ সালে নবগঠিত ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ডের গেজেট প্রকাশ হওয়ার পর হোল্ডিং গণনার কাজ শেষ হলেও কোনো রকম নাগরিকসেবা দিচ্ছে না সিটি কর্পোরেশন। পরিশেষে, মশক নিধন অভিযান শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।