চকলেট ওজন কমায়!

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:১৭
চকলেট মানুষের এতটাই প্রিয় যে গবেষকগণ এই চকলেট নিয়ে নানা গবেষণা করছেন। এমনই একটি নতুন গবেষণার ফলাফলে বলা হয়েছে, যারা নিয়মিত চকলেট খান তাদের শরীরের ওজন যারা চকলেট খান না তাদের চেয়ে কম থাকে। তাই বলে ডায়াবেটিস রোগীরা গবেষণার এই ফলাফল দেখে উদ্বুদ্ধ হবেন না। চকলেট কিভাবে ওজন কমাতে সাহায্য করে তারও একটি ব্যাখ্যা দেয়া হয়েছে। গবেষকগণ বলছেন, চকলেটের উচ্চমাত্রার এন্টি-অক্সিডেন্ট উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ফলশ্রুতিতে শরীরের ওজন কমে। যারা সপ্তাহে অন্তত দুই দিন চকলেট খান এমন ২০ থেকে ৮৫ বছর বয়সী লোকদের ওপর জরিপ চালানো হয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক বিট রাইস তার গবেষণায় উল্লেখ করেছেন। যারা সপ্তাহে অন্তত ৫ দিন চকলেট খান তাদের স্বাভাবিকের চেয়ে গড়ে ২ দশমিক ৫ থেকে ৩ দশমিক ২ কেজি পর্যন্ত ওজন কম পাওয়া যায়। এ ব্যাপারে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলের পুষ্টিবিদ এরিক ডিং মনে করেন কম আয়ের লোকদের প্রতি সপ্তাহে চকলেট খাওয়ার সামর্থ্য নেই। চকলেট না খাওয়ার কারণে তাদের ওজন বেড়েছে তা ঠিক নয়। তাদের ওজন এমনিতে বেশি থাকে। আর একটি কারণ হতে পারে যারা চকলেট খান তারা এমনিতে সচেতন তাই চকলেট খাওয়ার জন্য নয় বরং সচেতনতার কারণেই তাদের ওজন কম। তিনি চকলেট ওজন কমায় এই গবেষণার ফলাফলের সঙ্গে দ্বিমত পোষণ করে আরও উল্লেখ করেন চকলেটের উচ্চ ক্যালরির কারণে শরীরে অধিক খাদ্য শক্তি জমে। তাই অধিক চকলেট খাওয়ার ব্যাপারেও সচেতন থাকতে হবে। তবে চকলেট অপকারী এটা বলা যাবে না। লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ