সারা দেশের বিভিন্ন জেলা থেকে ছেলে-মেয়েরা লেখাপড়া ও কর্মসংস্থানের জন্য ঢাকায় আসেন। কিন্তু ব্যাচেলর এসব ছেলে-মেয়েদের জন্য কোথাও বাড়ি ভাড়ার সুযোগ নেই। এ জন্য তাদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা এবং ব্যাচেলর শ্রমিক-কর্মচারীদের জন্য সরকারিভাবে শ্রমিক কলোনি গড়ে তোলার দাবি জানানো হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে ভাড়াটিয়া পরিষদ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়। সরকারি খাস খতিয়ানভুক্ত ভূমিতে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের আবাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য চলতি বাজেটে অর্থ এবং বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর সংস্কার ও বাস্তবায়ন দাবিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মো. ফারুক হোসেন টিপু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা প্রমুখ।
