গাজীপুরে নদীতে গোসল করতে গিয়ে ছাত্রের মৃত্যু, স্বজনরা বলছে হত্যা

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৩৭
গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে আতিকুল ইসলাম সায়েম নামে হলি প্রমিজ পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার কোনাবাড়ি জয়েরটেক এলাকার তুরাগ নদী থেকে পুলিশ সায়েমের লাশ উদ্ধার করেছে। তবে সায়েমের স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আতিকুলের পাঁচ সহপাঠীকে আটক করেছে। তারা হচ্ছে শাকিল, আকাশ, রাকিব, জয় ও লিমন। গতকাল শনিবার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর প্রাইভেট পড়ে বিকেলে পাঁচ সহপাঠীর সঙ্গে জয়েরটেক এলাকায় রেললাইন সংলগ্ন তুরাগ নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সায়েম নদীতে তলিয়ে যায়। এর পরপরই সায়েমের সহপাঠীরা ঘটনাস্থল ত্যাগ করে এবং বিষয়টি কাউকে জানায়নি। রাতে সায়েম বাড়ি না ফেরায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি মাইকযোগে প্রচার করা হয়। এ ব্যাপারে সায়েমের বাবা গোলাম মোস্তফা জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার রাত আটটার দিকে তুরাগ নদীর কাছে একটি মাছের ঘেরে সায়েমের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সায়েমের মা শাহিদা বেগম জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সায়েম কোনাবাড়ির হরিণারচালা এলাকায় ভাড়া বাসায় বাবা-মার সঙ্গে থাকতো।