মির্জাপুরে সিএনজি স্টেশনের গ্যাস যাচ্ছে শিল্প কারখানায়

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৪৯
টাঙ্গাইলের মির্জাপুরে সিএনজি স্টেশনের গ্যাস সিলিন্ডার ভর্তি করে শিল্প কারখানায় নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই চোরাই কারবারের সঙ্গে শিল্প কারখানার এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী, তিতাস গ্যাস অফিসের এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারী এবং একটি শক্তিশালী দালাল চক্র জড়িত রয়েছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন শিল্প কারখানা সিলিন্ডার ভরে গ্যাস নিয়ে শিল্পে ব্যবহার করছে। এতে একদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি অন্যদিকে সরকার বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের শীর্ষ এক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের অভিযোগ তাদের কাছে আসার পর সম্প্রতি বৃহত্ এক শিল্প প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দৈনিক ইত্তেফাকে মির্জাপুরে অবৈধভাবে সংযোগ দেয়া হচ্ছে গ্যাস, বৈধ আবেদনকারীরা বিপাকে শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং প্রশাসনের টনক নড়ে। এই প্রতিবেদন প্রকাশের পর আগামীকাল রবিবার তিতাস গ্যাস টাঙ্গাইল অফিস এবং ঢাকা হেড অফিসের একটি প্রতিনিধি দল মির্জাপুর পরিদর্শনে আসবেন বলে জানা গেছে। গতকাল শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ও ক্যাডেট কলেজ এলাকায় কয়েকটি সিএনজি স্টেশনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন শিল্প কারখানার মালিক ট্যাংকলড়িতে শতশত সিলিন্ডার ভর্তি করে গ্যাস নিয়ে যাচ্ছে। এভাবে গ্যাস নেয়ার ফলে এ রোডের যানবাহন চালকরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে গ্যাস নিতে পারছে না। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে ছোট-বড় মিলে শতাধিক শিল্প কারখানা রয়েছে। এসব কারখানায় বিভিন্ন সময় গ্যাসের তীব্র সংকট বিরাজ করে আসছে। এছাড়া বেশ কয়েকটি কারখানা নতুন ভাবে তৈরি হওয়ায় ঐসব মিলে সরকারিভাবে এখনো গ্যাস সংযোগ দেয়া হয়নি; কিন্তু কয়েকটি বৃহত্ মিলের মালিক তিতাস গ্যাস অফিসের এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা এবং তাদের নিয়োজিত দালাল চক্রের সঙ্গে যোগসাজশ করে সিএনজি স্টেশন থেকে বিশেষ প্রক্রিয়ায় গ্যাস নিয়ে উত্পাদন চালিয়ে যাচ্ছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে এসব মিল কারখানা রয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশনের ডেপুটি জেনারেল ম্যানেজার বরুন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারখানায় অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস নেয়ার অভিযোগে সম্প্রতি গোড়াই শিল্পাঞ্চলের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।