যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা মনিকা শহরে এক বন্দুকধারীর গুলিতে তার বাবা ও ভাইসহ ৪ জন নিহত হয়েছে। পরে ওই বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। এর আগেও দেশটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটে এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা চলছে। খবর রয়টার্স ও এনডিটিভির।
সান্তা মনিকায় এই ঘটনার সময় কাছের শহরেই তহবিল সংগ্রহের অভিযানে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শহরের পুলিশ কর্মকর্তা রিচার্ড লুইস জানিয়েছেন, বুলেটপ্রুফ জ্যাকেট পরে আনুমানিক ২০ বছর বয়সি এক যুবক একটি বাড়িতে তার বাবা ও ভাইকে খুনের পর একটি কলেজে ঢুকে আরো দুজনকে হত্যা করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা-ভাইকে হত্যার পর যুবক একটি কলেজে গিয়ে এক নারীকে হত্যা করে। এছাড়া লাইব্রেরিতে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায় সে। শহরের পুলিশ প্রধান জ্যাকুলিন সিবক্রুস বলেন, গ্রন্থাগারে ঢুকে ওই যুবক গুলি চালালেও তাতে কেউ হতাহত হয়নি। এরই মধ্যে পুলিশ এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডে ওই যুবককে প্ররোচিত করার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ, যার পোশাকে লেখা রয়েছে ‘জীবন এক জুয়া’। গুলিতে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একজনের অস্ত্রোপচার এবং আরো তিনজনকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কানেটিকাট রাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকধারীর হামলায় ২০ জন শিক্ষার্থীসহ ২৬ জন নিহত হন।
